জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশ্বের সকল শান্তিরক্ষীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে আক্রান্ত বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে যেসব শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পাশাপাশি নারী শান্তিরক্ষীরাও দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করছেন, যা নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের অগ্রগতির উজ্জ্বল উদাহরণ।

পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। তিনি ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে সবাইকে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button