সারাদেশ

দেবীদ্বারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা

অনলাইন নিউজ ডেস্ক

কুমিল্লার দেবীদ্বারে রাস্তা থেকে তুলে নিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবীদ্বার থানায় মামলাটি দায়ের করেন। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলায় আসামি করা হয়েছে দেবীদ্বার পৌর এলাকার রমিজ মিয়ার ছেলে সবুজ মিয়া ২৪ এবং আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল ২৯ কে। পুলিশ জানায়, খালাতো ভাই সম্পর্কের এই দুজনই সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে দেবীদ্বার পৌর এলাকার বারেরা ফুলগাছতলা দিয়ে যাওয়ার সময় অস্ত্রের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে অটোরিকশায় তোলেন সবুজ ও ইসমাইল। পরে সবুজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে ঘটনার কথা পরিবারকে জানায় মেয়েটি।

ভুক্তভোগীর ভাষ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ডেকে নিয়ে এই ঘটনা ঘটানো হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

মেয়েটির পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে যান এবং স্থানীয় কিছু দালের মাধ্যমে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা থেকে বাড়ি ফিরে বাবা-মা থানায় মামলা করেন।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি। যারা আমার মেয়ের সর্বনাশ করেছে তাদের কঠোর শাস্তি চাই।’

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বুধবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button