

অনলাইন নিউজ ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আকস্মিক ইনজুরিতে পড়লেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে তিনি আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মাঠে নেমে গোল করে নিজের ফিটনেস নিয়ে সব দুশ্চিন্তা দূর করেন।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের অবার্নে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় পায়। ৭০তম মিনিটে বদলি হিসেবে নেমে মাত্র ১১৯ সেকেন্ডের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন মেসি।
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া এই তারকা জানান, তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এবং দলের লক্ষ্য নিয়ে আশাবাদী। তার ভাষায়, “আমি শুরু থেকেই এটা উপভোগ করছি। আমি খুশি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”
ইনজুরি প্রসঙ্গে তিনি বলেন, পেশীর ক্লান্তির কারণে কিছু সমস্যা ছিল, তবে মাঠে নেমে খেলে সেই ভয় কাটিয়ে উঠতে চেয়েছিলেন। তার আশা, আগামী এক সপ্তাহে পুরো দলই প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে দলটি এবারও নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছে।
মেসি বলেন, আর্জেন্টিনা সবসময়ই প্রতিপক্ষ ও পরিস্থিতি যাই হোক না কেন সর্বোচ্চ চেষ্টা করে। তার মতে, সাম্প্রতিক সাফল্য তাদের প্রাপ্য ছিল এবং ভবিষ্যতেও একই মানসিকতা বজায় থাকবে।
এই ম্যাচে গোল করার মাধ্যমে মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৯তম ম্যাচে ১১৭তম গোল করেন। এতে তিনি আর্জেন্টিনার ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড স্পর্শ করেন।



