সারাদেশ

সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই : প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় সংসদে সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১০ জুন) বিকেলে সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বর্তমানে অনেক শূন্য পদ রয়েছে। সরকারি কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের কাছে সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে এসব পদ পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যালোচনা করছে।

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা যত দ্রুত সম্ভব এসব শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করব।”

একই অধিবেশনে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।

অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ ছিল। এ সময় নির্ধারিত প্রশ্নগুলোর জবাব দেন সরকারপ্রধান এবং সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নেরও উত্তর দেন।

মাদারীপুর-২ আসনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও উল্লেখ করেন, সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলের কিছু সংসদ সদস্য ঈদুল ফিতরের আগে বিতরণ করা সরকারি সহায়তা না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো সংসদ সদস্য বঞ্চিত না হন।

সরকারপ্রধান বলেন, সরকার দলীয় ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যদের সমানভাবে সহযোগিতা দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button