

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, কালো টাকার প্রভাব বিস্তার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দেবিদ্বার থেকে ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, কালো টাকার মাধ্যমে যারা ভোট প্রভাবিত করতে চায়, তাদের প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী অর্থের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে চাচ্ছে, যার খেসারত দিতে হয়েছে তরুণ প্রজন্মকে। তিনি সবাইকে সতর্ক অবস্থানে থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, যেখানে কালো টাকার তথ্য পাওয়া যাবে, সেখানে এনসিপির কন্ট্রোল রুমে জানাতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তা প্রতিরোধ করা হবে। ভোটকে তিনি ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করে বলেন, অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা চলতে দেওয়া হবে না।
কয়েকটি এলাকায় অর্থ ছড়িয়ে পড়ার অভিযোগ তুলে তিনি জানান, জাফরগঞ্জ, বরকামতা, সুলতানপুর, রাজামেহার ও ফাতেহাবাদ ইউনিয়নে নজরদারি বাড়ানো হয়েছে। এসব এলাকায় কাউকে অর্থসহ পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোটাররা যাকে ইচ্ছা ভোট দেবেন, তবে ভয়ভীতি বা অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা বরদাশত করা হবে না। যারা এমন কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের নাম-পরিচয় প্রমাণসহ প্রকাশ করা হবে বলে জানান তিনি।
স্থানীয়দের পাশাপাশি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরও এ বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কালো টাকার প্রভাব প্রতিহত করতে হবে।



