

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের কারণে আগের দিন থেকেই বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তবে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, জনগণ যেন দ্রুত তাদের দেওয়া ভোটের ফল জানতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে—এটাই প্রত্যাশা। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেওয়া হবে। তবে ভোট নিয়ে বিভ্রান্তি বা কারচুপির চেষ্টা হলে সেই ফলাফল গ্রহণযোগ্য হবে না। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত হলে সেটিই গণতন্ত্রের পথকে সুদৃঢ় করবে বলে উল্লেখ করেন তিনি।



