

অনলাইন নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ভিডিও ধারণের সময় দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় না দিয়ে ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি এ বিষয়ে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিষয়ে বিরোধীদলীয় নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও জানতে চান, ওই সংসদ সদস্যের বিরুদ্ধে সংসদীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, নাকি বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করা হবে।
পোস্টের শেষে রাশেদ খাঁন লেখেন, দলের গঠনতন্ত্রে উল্লেখিত শরিয়া আইনের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা শুরু হলে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



