সারাদেশ

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার জব্দ, আটক ২২

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার পরিচালিত বিশেষ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল মোড়ক ব্যবহার করে রাসায়নিক সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়।

পরবর্তীতে বিশেষ অভিযানে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত তিনটি কার্গো বোট জব্দ এবং ২২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জব্দ করা মালামাল ও কার্গো বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button