

অনলাইন নিউজ ডেস্ক
স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মেধাবী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে সরকার প্রস্তুত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের অধীনে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রকল্পের ধরন ও সক্ষমতা বিবেচনায় ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, প্রচলিত ব্যাংক ঋণের মতো জামানত বা জটিল কাগজপত্রের বাধ্যবাধকতা এড়াতে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। উদ্যোক্তাদের প্রকল্পের সম্ভাবনা মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে তারাই।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার বিষয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ কমিটি প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়ন করবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই অর্থায়নের ক্ষেত্রে সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। কোনো উদ্যোগ শুরুতে সফল না হলেও ভবিষ্যৎ সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সেবা এক জায়গা থেকেই পাবেন।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।



