

অনলাইন নিউজ ডেস্ক
ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করার পর লিওনেল মেসির টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড। ক্রিস্টিয়ানো রোনালদোর ঘোর সমর্থক হিসেবে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর এবার মেসিকে শিরোপা জয় থেকে থামাতে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ওপর ভরসা রাখছেন।
বুধবার নিজের ইউটিউব লাইভে আইশোস্পিড ইয়ামালের উদ্দেশে বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “তোমার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব। লামিন ইয়ামাল, এই বার্তাটি তোমার জন্য। পুরো মনোযোগ দাও। প্লিজ, লামিন।”
এরপর রোনালদো-সমর্থকদের পক্ষ থেকে ইয়ামালের কাছে বিশ্বকাপ জয়ের আহ্বান জানান তিনি। আইশোস্পিড বলেন, “আমাকে এই বিপর্যয় থেকে বাঁচাও। যদি মেসি আবার বিশ্বকাপ জিতে যায়, তাহলে রোনালদোর ভক্ত হিসেবে আমার আর কিছুই বলার থাকবে না। তাই লামিন ইয়ামাল, এবারের বিশ্বকাপ জিতে আমাদের রোনালদো-ভক্তদের বাঁচাও।”
রোনালদোর প্রতি আইশোস্পিডের সমর্থন নতুন কিছু নয়। পর্তুগিজ তারকার খেলা দেখতে তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং রোনালদোর গোল উদযাপনে বহুবার লাইভ স্ট্রিমে আবেগ প্রকাশ করেছেন। তার অনলাইন পরিচয়ের অন্যতম বড় অংশই রোনালদোর প্রতি এই অকুণ্ঠ সমর্থন।
এবারের বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর মেসির আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আরও হতাশ হয়ে পড়েছেন তিনি। কারণ, আর্জেন্টিনা শিরোপা জিতলে মেসির বিশ্বকাপ ট্রফির সংখ্যা দাঁড়াবে দুইয়ে। অন্যদিকে রোনালদো ক্যারিয়ার শেষ করবেন বিশ্বকাপ শিরোপা ছাড়াই।
এর আগে পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার বিপক্ষে থাকা দলগুলোকে সমর্থন করেও সফল হননি আইশোস্পিড। নকআউট পর্বে তিনি কেপ ভার্দে, মিসর ও ইংল্যান্ডের পক্ষে ছিলেন। এমনকি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ‘রিভার্স জিঙ্কস’-এর আশায় আর্জেন্টিনার জার্সি পরে লাইভে হাজির হয়েছিলেন তিনি। তবে কোনো কিছুতেই আর্জেন্টিনার জয় থামানো যায়নি।
এখন তার শেষ ভরসা স্পেন ও লামিন ইয়ামাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠা স্পেনের রক্ষণভাগ যেমন শক্তিশালী ছিল, তেমনি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী ইয়ামাল। তাই মেসির আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন থামাতে এই তরুণ তারকার কাছেই আশাবাদী আইশোস্পিড।



