

অনলাইন নিউজ ডেস্ক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সামনের সারিতে ছিলেন। নিরস্ত্র অবস্থায় দুই হাত প্রসারিত করে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হন।
তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। এরপরই ছাত্র-জনতা আন্দোলনে ব্যাপকভাবে যুক্ত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
নুরুল হক বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছে। এই অর্জন ধরে রাখা, নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি বলেন, চরকাজলের রাসেল, দশমিনার জিহাদসহ গলাচিপা ও দশমিনার অনেক শিক্ষার্থী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। তারা ছিলেন আন্দোলনের অগ্রসৈনিক। দেশের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনের গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক পরিসরেও এর তাৎপর্য রয়েছে। এ সময় তিনি তুরস্কের ২০১৬ সালের ঘটনাপ্রবাহের উদাহরণ তুলে ধরে গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাদের সম্মান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
নুরুল হক আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের একতরফা ও ভোটারবিহীন নির্বাচনের কারণে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করেছে। জনগণের ভোটাধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জুলাই যোদ্ধা গাজী নুর আলম, মো. ইমরান ওজুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাহেদ এবং জুলাই আন্দোলনে শহীদ আতিকুরের মা।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব জাকির মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।



