

অনলাইন নিউজ ডেস্ক
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ধর্মীয় রীতিনীতি, আচার-অনুষ্ঠান এবং ধর্মীয় নেতাদের দিকনির্দেশনার মাধ্যমে যুবসমাজকে সৎ ও নৈতিক জীবনধারায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণরা যাতে বিপথগামী না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, ভারতের সহকারী হাইকমিশনার, মহাশ্মশান কমপ্লেক্সের কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



