জাতীয়

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।

অনলাইন নিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের দায়িত্বে থাকা মানেই কেউ বড় কিছু হয়ে যায় না। তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করতে হবে এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে অবস্থিত তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে টুকু আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, “সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।” তিনি আরও দাবি করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ তাঁতশিল্পকে ধ্বংস করেছে এবং দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ক্ষতি করে আসছে।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ আন্দোলনে অংশ নিয়ে অনেকে নিহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়নি কিংবা ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি। তাঁর দাবি, দিনের ভোট রাতে গণনা করার মতো কোনো ঘটনা ঘটেনি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।

শেখ হাসিনাকে নিয়ে টুকু বলেন, “আমি বলেছিলাম, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ফিরব না, আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন, আর আমি দেশে ফিরেছি।”

তাঁতশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। ক্ষুদ্র উদ্যোগ দিয়ে শুরু করে বড় উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও সুযোগ রয়েছে এ খাতে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button