

অনলাইন নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হতে পারে।
দলের সূত্রগুলো বলছে, বিতর্ক এড়াতে সচিবালয়ের বৈঠকটিকে বিএনপি স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যানকে আগেই দিয়েছে।
মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের প্রয়োজন থাকায় মূলত জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ পাওয়া এক নেতা জানিয়েছেন, দলের চেয়ারম্যান এ বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন। বৈঠকে উপস্থিত নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং অন্য একজন সমর্থক হিসেবে স্বাক্ষর করবেন।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তাকে প্রার্থী করা প্রায় নিশ্চিত বলেও দলের বিভিন্ন সূত্রে আলোচনা রয়েছে। তবে বুধবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়নি।
এদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ইতোমধ্যে ঘোষণা করেছে।



