

অনলাইন নিউজ ডেস্ক
তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (২৩ আগস্ট) রাজধানীর গেন্ডারিয়া সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এ অনুষ্ঠানে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মেধাবী, সাহসী ও স্বপ্নবান তরুণদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মেধা, তারুণ্য ও উদ্যম দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় দাঁড়াতে হবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণদের দেখতে হবে। কলেজজীবনের আগামী দুই বছর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি এ সময়কে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
শিবির সভাপতি আরও বলেন, অযথা আড্ডা বা ভবিষ্যৎকে পিছিয়ে দেয়—এমন কাজে জড়ানো উচিত নয়। সামনে আরও কঠিন ও প্রতিযোগিতামূলক সময় অপেক্ষা করছে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়তে হলে এখন থেকেই নিয়মিত পড়াশোনা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।
শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। সাফল্যের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখাও জরুরি।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম বলেন, সাফল্য মানুষকে অহংকারী না করে আরও বিনয়ী করা উচিত। ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করলেও বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ব ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, জিপিএ-৫ বা ভালো ফলাফলই জীবনের চূড়ান্ত সফলতা নয়। প্রকৃত সফলতা হলো একজন ভালো, নৈতিক ও মানবিক মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা।
তিনি বলেন, সামনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও নতুন জীবনের চ্যালেঞ্জ রয়েছে। আত্মবিশ্বাস ধরে রেখে আল্লাহর ওপর ভরসা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আবু সাদিক কায়েম শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা, বিনয়ী হওয়া এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের ওপরই বর্তাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলাওয়ার হোসেন। শাখা সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।



