

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মারক হিসেবে শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি যুক্ত করা হবে। নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিত্র স্থান পাবে।
এ ছাড়া পাসপোর্টের বিভিন্ন পাতায় জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার জলছাপ ব্যবহার করা হবে। প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির পাশাপাশি জাতীয় ফুল শাপলা, দোয়েল, ইলিশ, কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও স্থান পাচ্ছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ থাকার ঘোষণা বহাল থাকবে। এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।



