

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আজ জেলার একটি সেমিনার হলে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মৌলভীবাজারের ড্যাবে জাতীয়তাবাদী চিকিৎসকদের গণজোয়ার দেখতে চাই। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন বাংলাদেশের স্বাস্থ্যখাতের প্রতিটি অগ্রযাত্রায় চিকিৎসকদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। ড্যাব শুধু একটি সংগঠন নয়—এটি আমাদের পেশাগত মর্যাদা, মানবিক দায়বদ্ধতা এবং জাতীয় উন্নয়নের সহযাত্রী। সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাতেই আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে হবে।
ড্যাবের শক্তি তার কর্মী ও সদস্যদের ঐক্যে। আমাদের প্রতিটি ইউনিট, প্রতিটি জেলা, প্রতিটি প্রতিষ্ঠানের ভিতরে যদি সংগঠনের কর্মযজ্ঞ আরও শক্তিশালী হয়, তবে জাতীয় পর্যায়ে আমাদের ভূমিকা আরও দৃঢ় হবে।”
সভায় সভাপতিত্ব করেন ড্যাব মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আহবায়ক ডা. সুলতান আহম্মদ। সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার জেলা ড্যাবের সদস্য সচিব ডা. আব্দুল হাদী শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফী মাহদি।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের হাতে সদস্য ফরম বিতরণ করেন। বক্তারা আরও বলেন, ড্যাব শুধু একটি পেশাজীবী সংগঠন নয়; এটি চিকিৎসকদের অধিকার রক্ষা ও জনগণের স্বাস্থ্যের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয়তাবাদী চিকিৎসকরা অংশগ্রহণ করেন। উক্ত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন সদস্যদের হাতে ড্যাবের সদস্য ফরম বিতরণ করা হয়।



