

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশে বিষয়টি জানান।
বার্তায় তিনি উল্লেখ করেন, গত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি ও ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে মাকসুদূর রহমান বলেন, এটি সাংগঠনিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলার অংশ। পাশাপাশি উম্মাহর ঐক্য, বৃহত্তর ইসলাহি স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, এটি কোনো ভয় বা দুর্বলতার বহিঃপ্রকাশ নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।
এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামী মনোনীত আরও কয়েকজন প্রার্থীও বিভিন্ন আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।



