সারাদেশ

পরীক্ষা চলমান সময়ে মাথায় ফ্যান খুলে পড়ল এসএসসি শিক্ষার্থীর!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে একটি পরীক্ষাকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী (রোল নম্বর ১৯২২৬৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে তার মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশে কেটে গিয়ে রক্তপাত হয়। এ ঘটনায় পরীক্ষাকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পরপরই বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষার সময় নষ্ট হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান ব্যবহার করা হচ্ছিল, যা থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button