রাজনীতি

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মাকে অপমান ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনার বর্ণনা দেন তিনি।

পোস্টে আমির হামজা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় তাদের নারী কর্মীরা ভোট প্রার্থনা করতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে একদল ব্যক্তি নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও লিফলেট ছিনিয়ে নেয়। ওই সময় নারী কর্মীদের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন এবং তার সঙ্গেও অশোভন আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, নারীদের ওপর এ ধরনের আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান ও একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, আর সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

ঘটনার নিন্দা জানিয়ে আমির হামজা প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ভয়ভীতি, সন্ত্রাস ও নারীদের হেনস্তার মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করা সম্ভব নয়; জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগকারীদের উদ্দেশে বলেন, পালিত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়ে মায়েদের প্রতি হাত বাড়ানো বন্ধ করতে হবে। ইতিহাসে যারা মায়েদের প্রতি সহিংসতা চালিয়েছে, তাদের পরিণতি ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button