

চলতি বছরের ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত হবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ৯৮তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবারের আসরে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন সাংবাদিক আল কাছির, যা প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সাংবাদিকের জন্য সরাসরি কভারেজের আমন্ত্রণ।
এর আগে ২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের কভার করার পর, আল কাছির আমন্ত্রিত সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেছেন ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ। এছাড়াও তিনি সাংহাই চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কভার করেছেন।
আল কাছির বর্তমানে দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন স্টার নিউজে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক।



