জাতীয়

দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

অনলাইন নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং নিজের মামলা নিজেই মোকাবিলা করুক। দেশে ফিরতে চাওয়ার ঘোষণা কেবল স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”

ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ-সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে সেগুলো দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। বর্তমানে তিনি আদালতের দৃষ্টিতে একজন পলাতক আসামি।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং বাকি দুটিতে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button