রাজনীতি

ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিল নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে জড়িত কেউ রেহাই পাবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি রাজনৈতিক দলের সাম্প্রতিক বক্তব্য ও কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। এমন কোনো চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে কেউ এলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। কিছু ব্যক্তি প্রতিদিন চাঁদাবাজির পরিকল্পনায় ব্যস্ত থাকে উল্লেখ করে তিনি বলেন, জনগণ আর এসব অপকর্মে জড়িতদের ক্ষমতায় দেখতে চায় না। তাই এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিয়ে তিনি আশাবাদী।

এনসিপির এই নেতা দাবি করেন, গুলিস্তান এলাকায় হকিস্টিক ও স্ট্যাম্প ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। তবে যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button