সারাদেশ

১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার

১২০ দিনে কোরআনের ৩০ পারা হেফজ, ১১ বছরের আজহারের অনন্য কৃতিত্ব

মাত্র ১২০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ করে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে ১১ বছর বয়সী আব্দুল্লাহ আল আজহার। সে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানা থেকে এই কৃতিত্ব অর্জন করে।

আজহার ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত নুর জামাল ও বিবি হাজেরার একমাত্র সন্তান। ছোটবেলায় বাবাকে হারানোর পর সে মিরসরাইয়ের বড় কমলদহ এলাকায় মামা আকতার হোসেনের তত্ত্বাবধানে বেড়ে উঠছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসায় আয়োজিত সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা তার হাতে পুরস্কার তুলে দেন।

আজহারের মা বিবি হাজেরা বলেন, “হাফেজের মা হওয়ার স্বপ্ন ছিল—আল্লাহর রহমতে তা পূরণ হয়েছে। ভবিষ্যতে সে একজন যোগ্য আলেম হিসেবে গড়ে উঠবে—এই আশা করি।”

মামা আকতার হোসেন জানান, ছোটবেলা থেকেই আজহার তার কাছে বড় হয়েছে। তার এই অর্জনে তিনি গর্বিত এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন।

হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন, তার ১৮ বছরের শিক্ষকতা জীবনে এত কম সময়ে হেফজ সম্পন্ন করা ছাত্র আর দেখেননি। আজহার অত্যন্ত মেধাবী এবং আগে নূরানী বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। যেখানে অন্যরা দিনে এক থেকে দেড় পৃষ্ঠা পড়ত, সেখানে আজহার নিয়মিত পাঁচ পৃষ্ঠা করে শোনাত।

মাদরাসার মুহতামিম মাওলানা জাফর উল্লাহ নিজামী জানান, পারিবারিক অবস্থা বিবেচনায় আজহারের পড়াশোনার সব খরচ মাদরাসা বহন করেছে। তিনি ৬ সেপ্টেম্বর ২০২৫ হেফজ বিভাগে ভর্তি হয়ে বন্ধের দিন বাদ দিয়ে চলতি বছরের ২৬ জানুয়ারি ৩০ পারা হেফজ সম্পন্ন করে। তার ২৯ বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র খুব কমই পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button