জাতীয়

ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের হাতে ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজধানীর লালমাটিয়া এলাকায় প্রস্তুত ফ্ল্যাটের দলিল ও চাবি পরিবারের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার লক্ষ্যে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর সশস্ত্র হামলায় আহত হন হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button