সারাদেশ

সিলেটসহ সারাদেশে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি অপরাধ দমনে সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন তারা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং পরবর্তী দুই দিন—এই পাঁচ দিনে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্বে থাকবেন। ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর অনুচ্ছেদ ৮৯এ অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি তাদের এই ক্ষমতা অর্পণ করা হয়েছে। আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

তারা নির্বাচনি অপরাধ—যেমন ভোটে বাধা, কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি ও তফশিলভুক্ত অন্যান্য অপরাধ—সংক্রান্ত ঘটনায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০ (১) ধারার আওতায় তাৎক্ষণিক বিচার বা সামারি ট্রায়াল পরিচালনা করবেন।

প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের জন্য কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—১০ ফেব্রুয়ারি পূর্বাহ্নে সংশ্লিষ্ট এলাকায় যোগদান করা এবং যোগদানপত্রের কপি ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো। বিচারকার্য সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং প্রতিটি মামলার নিষ্পত্তির বিবরণ ৭২ ঘণ্টার মধ্যে আইন শাখায় পাঠাতে হবে।

দায়িত্ব পালনে সহায়তার জন্য প্রত্যেক ম্যাজিস্ট্রেট একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার বা অফিস সহকারী সঙ্গে নিতে পারবেন। সংশ্লিষ্ট জেলার বিচারকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।

যানবাহনের ব্যবস্থা জেলা প্রশাসকরা করবেন এবং নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার, পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

তফশিল অনুযায়ী দেশের ৩০০টি নির্বাচনি এলাকার জন্য এই ৬৫৫ জন ম্যাজিস্ট্রেটকে অধিক্ষেত্র ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি সংসদীয় আসনে এক বা একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button