জাতীয়

ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন, ‘ঈদ মোবারক’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও নেওয়া হচ্ছে। আজ সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং আগেই জানিয়েছিল, তিনি এই কেন্দ্রেই ভোট দেবেন। ভোট প্রদানের সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ড. ইউনূস বলেন, অতীতের দুঃস্বপ্নময় সময়কে পেছনে ফেলে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হলো। তার ভাষায়, আজকের দিনটি জাতির জন্য এক নতুন সূচনা ও উদ্‌যাপনের দিন।

তিনি আরও বলেন, প্রার্থীদের জন্য ভোট দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণভোটে অংশ নেওয়াও অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে দেশের বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হবে উল্লেখ করে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের ইতিহাসে এই প্রথম জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি তার জীবনের অন্যতম আনন্দের দিন এবং জাতির জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি একে মুক্তির দিন ও নতুন স্বপ্নের সূচনা হিসেবে উল্লেখ করে সবাইকে শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button