

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপির সমর্থনও পেয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর জসিম উদ্দিন এ ঘোষণা দেন। তিনি এই আসনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
ফেসবুক লাইভে জসিম উদ্দিন দাবি করেন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী তাকে যথাযথ সহযোগিতা করেনি, ভোটে কারচুপি হয়েছে, কালো টাকা বিতরণ করা হয়েছে এবং তার এজেন্ট ও কর্মী সমর্থকদের ওপর মারধর করা হয়েছে। তিনি বলেন, “সুবিল, বড়শালঘর, ইউসুফপুর, রসুলপুর ও মাসিকারা ইউনিয়নে ভোটের সময় অনিয়ম হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা আহত হয়েছেন, হুমকি দেওয়া হয়েছে এবং সারাদিন ধরে ভোট কিনে তারা নিজেরা ভোট দিচ্ছে। এ অবস্থায় দেবিদ্বারের জনগণের কথা ভেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি না।”
জসিম আরও বলেন, বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরও তারা কোনো সহযোগিতা করেনি।
অপরদিকে, স্থানীয়রা দাবি করেছেন, দিনভর এ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে এবং সাধারণ ভোটাররা তা নিয়ে সন্তুষ্ট ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিম উদ্দিনের অভিযোগের বিষয়ে নেটিজেনরা নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচনে হারের সম্ভাবনা বুঝে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হাস্যকর ও অপ্রয়োজনীয়।



