

তারেক রহমান–এর পরামর্শে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার–এর একটি প্রতিনিধিদল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলা–র ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকার বাসিন্দা বিবি জোহরার খোঁজ নিতে সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দল তার বাড়িতে যান। তারা জোহরার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন, আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার সন্তানদের পড়াশোনাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে থাকা হবে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
এসময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেব, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সদস্য আহসান সুমন এবং ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের পর বিবি জোহরা তিন সন্তান নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তালাকটি শরিয়তসম্মত হয়েছে কি না, তা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা করা উচিত।



