

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে এক অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ২২৬ জনকে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (JIM)। অভিযানটি গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) থেকে মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযানে মোট ৩১৬ জন বিদেশি নাগরিকের তল্লাশি চালানো হয় এবং ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যক্তিগত নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ অতিরিক্ত থাকা এবং ভিসার অপব্যবহারের অভিযোগ এসেছে। এরা ইমিগ্রেশন আইন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) ধারা অনুযায়ী অপরাধ করেছে।
মোহাম্মদ ইউসরি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের অধীনে মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।



