

রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে গাজীপুরের কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় চার দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কালিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি মামলা করা হয়। এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।
চারটি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে মামুন স্টোরের মালিক মো. মামুন মিয়াকে পাঁচ হাজার টাকা, সুজন স্টোরের মালিক সুজনকে পাঁচ হাজার টাকা, কামাল মুরগি ভান্ডারের মালিক কামালকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স সাহা ব্রাদার্সের মালিক রতন সাহাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম জানান, অভিযানের সময় থানা পুলিশ উপস্থিত ছিল এবং বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।



