অপরাধ

৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুজনকে কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরে গোপনে ৮টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশে ঢাকায় নেওয়ার সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কাজিপুর উপজেলার মেঘাই নদী ঘাট এলাকায় যমুনা নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত দুজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আটকরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮টি ঘোড়া জবাই করে ১১ বস্তায় প্রায় ৪০০ কেজি মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪(১) ধারা অনুযায়ী দুজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button