

অনলাইন নিউজ ডেস্ক
বর্ষার আগমনী বার্তার মধ্যেই চলতি জুন মাসে দেশজুড়ে তীব্র গরম ও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়ে এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৩ জুন) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্ষা মৌসুমের প্রভাব থাকলেও মাসজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জুন মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি পরবর্তীতে মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া এ মাসে সারাদেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। একই সঙ্গে ২ থেকে ৩ দফা মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, সামগ্রিকভাবে জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।
এছাড়া চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫ থেকে ৫.৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



