

অনলাইন নিউজ ডেস্ক
ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উদ্ধার অভিযানে ব্যবহৃত রিলিফ ট্রেনের একটি বগিও পরে লাইনচ্যুত হয়।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, উদ্ধার কাজে নেওয়া রিলিফ ট্রেনটি আউটার সিগনাল এলাকায় পৌঁছালে সেটির একটি বগিও লাইনচ্যুত হয়। বর্তমানে সেটি উদ্ধারের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে প্রথমে রিলিফ ট্রেন, এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত অংশ উদ্ধার করা হবে।



