রাজনীতি

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।

মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এনসিপি ইউকে অ্যালায়েন্সের দাবি, মামলার পর জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স জানায়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকদের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানি চালানো হচ্ছে। সংগঠনটির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগ এনে যে মামলা করা হয়েছে, তা ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এনসিপির দাবি, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কার্যক্রম ব্যাহত করতে বিভিন্ন চেষ্টা চালানো হলেও সেগুলো সফল হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button