সারাদেশ

পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত

অনলাইন নিউজ ডেস্ক

পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মঞ্জু শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি স্থানীয় বিএনপি কর্মী ছিলেন এবং সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই মঞ্জু শেখ নিহত হন।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, বালু উত্তোলন করতে গেলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গুলিতে তার ভাতিজা নিহত হয়েছেন এবং তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button