

সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করতে গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে গঠিত এ কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যতম সদস্য হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদির সরকারি ক্রয়সংক্রান্ত বিভিন্ন নীতি, প্রস্তাব ও গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্রয় কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন খন্দকার আব্দুল মুক্তাদিরের সম্পৃক্ততা সরকারি ক্রয় ব্যবস্থায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
উল্লেখ্য, খন্দকার আব্দুল মুক্তাদির বর্তমানে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ব্যবসায়ী নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন।



