জাতীয়

হামলা করে জুলাইয়ের স্পিরিট থামানো যাবে না’, হাসনাত আবদুল্লাহ

অনলাইন নিউজ ডেস্ক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর ‘হামলা করে জুলাইয়ের স্পিরিট থামানো যাবে না’ বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ভিডিও শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘হামলা করে জুলাইয়ের স্পিরিট থামানো যাবে না! সাভারে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত বোমা হামলা। পরক্ষণেই রাজপথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।’

পোস্টে তিনি নাহিদ ইসলামের বক্তব্যের একটি অংশও উদ্ধৃত করেন। সেখানে নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলতে চাই, তারেক রহমানকে বলতে চাই—যদি রক্ত দিয়ে খেলতে চান, রক্ত দিয়েই খেলা হবে।’

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সমাবেশের মঞ্চে ওঠেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় কিছুক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য শুরু করেন। তাঁর বক্তব্য চলাকালেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ব্যক্তিরা হলেন শাহীন খান্দকার (৩০), জসিম (২৬) ও শাহাদাত হোসেন (৪০)। তাঁদের মধ্যে শাহীন এনাম মেডিকেল কলেজের কর্মী, জসিম একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শাহাদাত হোসেন সাভারের মুক্তির মোড় এলাকার বাসিন্দা। আহত তিনজনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত বা এর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button