শিক্ষা

বৈরি আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

অনলাইন নিউজ ডেস্ক

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাইরেও বৈরি আবহাওয়া ও অনিবার্য কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। এসব পরীক্ষার্থী একই সময়সূচিতে অংশগ্রহণ করতে না পারলেও তাদের জন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সম্প্রতি ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাইরেও দেশের বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়া ও অন্যান্য অনিবার্য পরিস্থিতির কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, ভুল প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আবারও নিশ্চিত করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button