জাতীয়

আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

অনলাইন নিউজ ডেস্ক

এইচএসসি পরীক্ষা ঘিরে চলমান আন্দোলনে বক্তব্য দেওয়ার ঘটনায় মাইলস্টোন কলেজের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় জিডিটি করেন মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কলেজটির বিজ্ঞান বিভাগের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। কলেজের দাবি, তিনি শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ পরিস্থিতিতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে জিডি করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিডিটি গ্রহণ করে বিষয়টি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button