জাতীয়

ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ , তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অনলাইন নিউজ ডেস্ক

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তাদেরও পণ্যগুলো ক্রয় ও গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলো হলো—ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিএফএসএ জানায়, ল্যাবরেটরি পরীক্ষায় এসব খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে ভোক্তাদের এসব পণ্য ক্রয় ও গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিএফএসএ আরও জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button