

অনলাইন নিউজ ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৯ জুলাই) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিবুর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। যদিও কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে শুধু ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’-এর কথা উল্লেখ করা হয়েছে; ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।



