জাতীয়

ইসলামী আন্দোলন ছাড়া অন্য কেউ ইসলামী দল নয়: চরমোনাই পীর

অনলাইন নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তাদের ইসলামী দল হিসেবে পরিচয় দেওয়ার মতো শক্তি নেই।

সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান রোডে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ইসলামের নামে একাধিক দল একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আল্লাহর সন্তুষ্টির জন্যই ইসলামী আন্দোলন রাজনীতি করে বলে দাবি করে তিনি বলেন, মানুষের প্রত্যাশিত নীতি ও আদর্শ একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতিতে যে নীতি ও আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, মানুষ তার বাস্তব প্রতিফলন দেখতে চায়। অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ শান্তি ও স্বাধীনভাবে বসবাস করতে চাইলে ইসলামের নীতি-আদর্শের মধ্যেই প্রকৃত শান্তি রয়েছে।

২০২৬ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমীর বলেন, নির্বাচন নিয়ে তিনি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ পরিষ্কার অবস্থানে রয়েছেন। দলের অতীত ও বর্তমান কার্যক্রম আল্লাহর ইচ্ছাতেই পরিচালিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ইসলামের নামে একাধিক দলের কার্যক্রম নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ইসলামের নামে যেসব বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, সেগুলো এখন পরিষ্কার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমীর। তিনি প্রশ্ন তুলে বলেন, মানুষকে আর কতদিন মায়ের কান্না শুনতে হবে, কতদিন রাস্তায় সহিংসতার শিকার হতে হবে এবং দেশের অর্থ পাচার বন্ধ হবে কবে।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, এ জেলার মানুষ ইসলামের পক্ষে রয়েছে। ঢাকায় ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

জেলা কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।

মহানগর কমিটিতে সভাপতি করা হয়েছে মাওলানা দ্বীন ইসলামকে। সহসভাপতি হিসেবে মুফতি মাছুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button