

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী কারও কর্মদক্ষতায় সন্তুষ্ট না হলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন বা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সম্ভাব্য মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের রদবদল সরকারের ১৮০ দিন পূর্তির আগে নাকি পরে হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের ১৮০ দিন পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা চলছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমিও এ বিষয়ে গণমাধ্যমে দেখছি। এর বাইরে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।’
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজনে নিজেদের সিদ্ধান্ত পর্যালোচনা ও সংশোধন করতে পারে। তার ভাষায়, ‘কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া শাসনব্যবস্থা সব সময় দেখাতে চায় যে তাদের সব সিদ্ধান্তই সঠিক। তারা ভুল স্বীকার বা সংশোধনের পথে হাঁটে না। আমরা সেই ধরনের মানসিকতায় বিশ্বাস করি না।’
জাহেদ উর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার মূল্যায়নে যদি কখনো মনে হয় কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে তিনি দপ্তর পুনর্বণ্টন করতে পারেন কিংবা প্রয়োজনে নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন।
তিনি বলেন, ‘দিন শেষে আমাদের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী যদি মনে করেন সরকারের কার্যক্রম আরও কার্যকর করতে কোনো পরিবর্তন প্রয়োজন, তাহলে তিনি সেই সিদ্ধান্ত নেবেন। তবে সেটি সরকারের ১৮০ দিন পূর্তির আগে হবে, পরে হবে, নাকি আরও কিছু সময় লাগবে—এ মুহূর্তে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’



