

অনলাইন নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্টার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শুক্রবার দুপুরের দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন বলে বঙ্গভবনের কর্মকর্তাদের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পর তার স্নায়ুবিষয়ক জটিলতা ধরা পড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ কারণে তিনি পদত্যাগ করে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে চান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
এর আগে চলতি বছরের ৯ মে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসা শেষে ১৮ মে তিনি দেশে ফেরেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে রাষ্ট্রপতিকে ঘিরে বিভিন্ন দাবি প্রচারিত হচ্ছে। এসব দাবির মধ্যে রয়েছে, লন্ডনে অবস্থানকালে তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং পরে এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো অবগত হওয়ার পর তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য প্রকাশ করা হয়নি।



