জাতীয়

আপনি আসুন, যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত— শেখ হাসিনাকে জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পর শেখ হাসিনা বারবার দেশে ফেরার কথা বললেও তা বাস্তবায়ন করেননি।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ এলাকায় ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই আন্দোলনের ফলাফল হিসেবে এসেছে, তাই তাদের ওই আন্দোলনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানান। পাশাপাশি আহত ও পঙ্গুত্ববরণকারীদের উন্নত চিকিৎসা এবং সম্মানজনক পুনর্বাসনের আহ্বান জানান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করা যেতে পারে।

গণভোটের বিষয়ে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারপ্রধান একসময় গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, অথচ এখন এর রায় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাঁর দাবি, জনগণের রায়কে অগ্রাহ্য করা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল। তবে পরবর্তী সময়ে জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসে বলে মন্তব্য করেন তিনি।

জনসভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জনগণের যেকোনো গণরায়ের বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ দলের অন্যান্য নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button