

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি গণভোটের রায়, জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি জনগণের রায় বাস্তবায়ন করে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি জনগণের রায় উপেক্ষার রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে চান।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার এবং বিএনপি উভয়ই জনগণের সংস্কারের দাবিকে উপেক্ষা করছে। তিনি বলেন, সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য শুধু সংশোধন নয়, সংস্কার পরিষদ বা গণপরিষদ প্রয়োজন। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন, বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধেরও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে গ্যাস সংকট, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা মিলছে না, কারণ সরকার সংস্কার কার্যক্রমে অগ্রসর হচ্ছে না।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারের প্রতি তাদের রাজনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না। একই সঙ্গে তিনি সংস্কার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন জোরদারের আহ্বান জানান।



