জাতীয়

রাজধানীতে ১০ মিনিটের ব্যবধানে জোড়া বিস্ফোরণ

অনলাইন নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরার একটি মদের বারের পেছনের সড়কে প্রায় ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উত্তরার জসীমউদ্দীন এলাকার মার্গারিটা অ্যান্ড কিচেন হাউস নামের একটি বারের পেছনের ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে সড়কে দুটি বস্তু ফেলে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর সেখানে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এবং উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম।

তবে পুলিশ ঘটনাটিকে ককটেল বিস্ফোরণ হিসেবে নিশ্চিত করেনি। উত্তরা জোনের এসি মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দুটি আতশবাজি ফাটিয়ে চলে গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button