সারাদেশ

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক আলোচনাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার ভাষ্য, এ ধরনের আলোচনার বাস্তব ভিত্তি নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা তো দূরের কথা, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে তার রাজনীতিতে ফিরে আসাও অত্যন্ত কঠিন। তিনি বলেন, “জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, দুই বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। মানুষের রক্ত, আত্মত্যাগ এবং বর্তমান জনমত বিবেচনায় জুলাইকে অস্বীকার করে রাজনীতিতে ফেরার কথা চিন্তা করাও কঠিন।”

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা-১ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় প্রশাসন ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙনকবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, আগামী একনেক সভায় ওই এলাকায় নদীভাঙন প্রতিরোধে সরকারি বরাদ্দ পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। পাশাপাশি খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button