

অনলাইন নিউজ ডেস্ক
হবিগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগের প্রতিবাদে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শেষে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগের প্রতিবাদ এবং ঘটনার নিন্দা জানিয়ে বুধবার দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকে দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোকে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হলেও, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



